একই ঘটনায় দুই অভিযোগ, কটিয়াদীতে গ্রেপ্তার ১

প্রকাশ: শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ণ
একই ঘটনায় দুই অভিযোগ, কটিয়াদীতে গ্রেপ্তার ১

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে ১২ বছরের এক শিশুকে কেন্দ্র করে একই ঘটনায় অপহরণ, হত্যাচেষ্টা এবং বলাৎকারচেষ্টার অভিযোগে কটিয়াদী মডেল থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বাচ্চু মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর মা আফিয়া আক্তার (২৮) এবং চাচা মো. মাসুদ মিয়া (৫২)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে টুনপাড়া এলাকার প্রতিবেশী বাচ্চু মিয়া শিশু আরিফুল ইসলামকে খাবার ও খেলনার প্রলোভন দেখিয়ে নির্জন বাঁশঝাড়ে নিয়ে যান। ভুক্তভোগীর মার অভিযোগ, সেখানে বাচ্চু মিয়া শিশুটিকে স্পর্শকাতর স্থানে স্পর্শ করে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করেন। শিশুটি আত্মরক্ষার্থে আসামির হাতে কামড় দিয়ে পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়।

অন্যদিকে শিশুর চাচার অভিযোগে উল্লেখ করা হয়, পূর্ববিরোধের জেরে শিশুটিকে অপহরণ করে হত্যার উদ্দেশ্যে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। প্রতিবাদ করায় আসামিরা ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।

স্থানীয় ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে বিষয়টি সালিশি বৈঠকে সমঝোতার চেষ্টা করা হলেও বিচার পাননি বলে দাবি পরিবারের। পরে ভুক্তভোগীরা কটিয়াদী মডেল থানায় আলাদা দুটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে গত ৬ আগস্ট রাতে কটিয়াদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে। ৭ আগস্ট তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কটিয়াদী মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, একই ঘটনায় দুটি আলাদা লিখিত অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন