আবাসিক এলাকায় রাত ৯টা থেকে ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তর

প্রকাশ: শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ণ
আবাসিক এলাকায় রাত ৯টা থেকে ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তর

অনলাইন ডেস্ক: মানবস্বাস্থ্য, জনজীবন ও জীববৈচিত্র্য সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন ও কঠোর বিধিনিষেধ জারি করেছে পরিবেশ অধিদপ্তর। সম্প্রতি অনুমোদিত ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ অনুসরণে নির্ধারিত শব্দমাত্রা মেনে চলার জন্য নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিতে এলাকাভিত্তিক শব্দের মানমাত্রা নির্ধারণ করার পাশাপাশি নাগরিক জীবন সচল রাখার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ ও বাধ্যবাধকতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, নীরব এলাকায় শব্দের সর্বোচ্চ মানমাত্রা ৪০ ডেসিবল এবং শিল্প এলাকায় সর্বোচ্চ ৭৫ ডেসিবল নির্ধারণ করা হয়েছে। সরকারি পূর্বানুমতি ছাড়া জনপরিসরে বা পাবলিক প্লেসে উচ্চ শব্দ উৎপন্নকারী কোনো ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা যাবে না। বিশেষ অনুমতি মিললেও শব্দের মাত্রা কোনোভাবেই ৯০ ডেসিবলের বেশি হওয়া যাবে না এবং তা দিনে সর্বোচ্চ ৫ ঘণ্টার বেশি চালানো যাবে না। তবে রাত ১১টার পর এ জাতীয় কোনো যন্ত্র ব্যবহারের অনুমতি থাকবে না।

নতুন বিধিমালা অনুযায়ী, নির্ধারিত সীমার চেয়ে বেশি শব্দ সৃষ্টি করে এমন হর্ন প্রস্তুত, আমদানি, মজুদ, বিক্রয় ও পরিচালনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

বিশেষ করে আবাসিক এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত যেকোনো ধরনের যানবাহন বা গাড়ির হর্ন বাজানো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন 'নীরব এলাকা' সমূহে হর্ন বাজানো এবং পটকা বা আতশবাজি ফোটানো পুরোপুরি বারিত থাকবে।

নগরবাসীকে নির্মাণকাজের বিকট শব্দ থেকে স্বস্তি দিতে বিজ্ঞপ্তিতে নতুন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আবাসিক এলাকার শেষ সীমানা থেকে ৫০০ মিটারের মধ্যে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত সব ধরনের ভারী নির্মাণ যন্ত্রপাতি বা সাউন্ড তৈরি করে এমন যন্ত্র পরিচালনা নিষিদ্ধ থাকবে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত নতুন এ বিধিমালা অমান্যকারীদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন