ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ৩
বিশেষ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্রীসহ মোট তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকালে সদর উপজেলার দেহন এলাকায় ইটবোঝাই ট্রাক্টরের চাপায় মিসতাহা জান্নাত সারা (১১) নামের এক মাদ্রাসাছাত্রী প্রাণ হারায়।
এর আগে শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গড়েয়া ইউনিয়নের কিসমত তেওয়ারিগাঁও এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রঞ্জন বর্মন (২০) ও তাঁর বন্ধু মোস্তাকিম হোসেন মুন (১৮) নামের দুই তরুণ নিহত হন।
নিহত মিসতাহা জান্নাত সারা বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের মেয়ে। বাবা প্রবাসী হওয়ায় সে সদর উপজেলার দেহন এলাকায় খালার বাড়িতে থেকে দেবাডাঙ্গী মাদ্রাসায় পড়াশোনা করত।
নিহতের মামা আমিনুল ইসলাম জানান, রোববার সকাল ১০টার দিকে বাইসাইকেলে মাদ্রাসা থেকে খালার বাড়িতে ফিরছিল সারা। পথিমধ্যে ভেলাজান-দেহন আঞ্চলিক সড়কের দেহন আগাটোলা মোড়ে পৌঁছালে একটি দ্রুতগামী ইটবোঝাই মহেন্দ্র ট্রাক্টর তার বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়লে ট্রাক্টরটি সারার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় চালককে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে শনিবার গভীর রাতে সদর উপজেলার কিসমত তেওয়ারিগাঁও সাহাপাড়া মোড়ে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক রঞ্জন ও আরোহী মোস্তাকিম আশঙ্কাজনকভাবে আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রঞ্জনকে মৃত ঘোষণা করেন। অপর আহত মোস্তাকিমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, দুটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং এ সংক্রান্তে থানায় পৃথক আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এআইএল/সকালবেলা