রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের রেকর্ড, গ্রিডে যাচ্ছে ১৩২১ মেগাওয়াট

প্রকাশ: রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ণ
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের রেকর্ড, গ্রিডে যাচ্ছে ১৩২১ মেগাওয়াট

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। কেন্দ্রটির দুটি ইউনিট থেকে প্রথমবারের মতো একসঙ্গে সর্বোচ্চ ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যার পুরোটাই সরাসরি যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল। দুই ইউনিট মিলে একযোগে সর্বোচ্চ উৎপাদনের এই মাইলফলক স্পর্শ করল কেন্দ্রটি।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম উৎপাদনের এই রেকর্ডের খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ওঠার পর বর্তমানে কেন্দ্রটির দুটি ইউনিট থেকেই অত্যন্ত নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে। দেশের বর্তমান চাহিদা বিবেচনায় নিয়ে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

কেন্দ্রের দাপ্তরিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ২০১০ সালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। পরবর্তীতে ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ভিত্তিতেই গঠিত হয় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)।

বিদ্যুৎ কেন্দ্রটির উভয় ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ দেশের সার্বিক বিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

এআইএল/সকালবেলা