সেই বিশ্বজিতের নামে ‘ফ্যাসীবাদবিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা ডিএসসিসির

প্রকাশ: রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ণ
সেই বিশ্বজিতের নামে ‘ফ্যাসীবাদবিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা ডিএসসিসির

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এলাকায় নির্মম হত্যাকাণ্ডের শিকার বিশ্বজিৎ দাসের স্মরণে 'ফ্যাসীবাদবিরোধী চত্বর' নির্মাণের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সংস্কারকৃত কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির আসন থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের আবেদনের প্রেক্ষিতে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম প্রধান অতিথির বক্তব্যে এ গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ডিএসসিসির সার্বিক অর্থায়নে আধুনিকায়ন ও সংস্কার করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এদিন।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্যবর্ধন ও সঠিক রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের ওপর অর্পণ করেন। তিনি বলেন, সিপাহি বিপ্লবের রক্তঝরা স্মৃতিবিজড়িত বাহাদুর শাহ পার্কের মতো ঐতিহাসিক গুরুত্ববাহী স্থাপনা কোনোভাবেই অবহেলা কিংবা অব্যবস্থাপনায় ফেলে রাখা যায় না। একে উপযুক্ত মর্যাদায় সংরক্ষণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা নিতে হবে।

শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক-মানসিক বিকাশের প্রতি গুরুত্ব আরোপ করে ডিএসসিসি প্রশাসক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 'ধূপখোলা মাঠ' ব্যবহারে প্রয়োজনীয় বরাদ্দের ইতিবাচক প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে পুরান ঢাকার ঐতিহ্য ধরে রেখে একটি সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলতে জবিকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নাগরিক সচেতনতার বিষয়ে তিনি যোগ করেন, তরুণ শিক্ষার্থীদের ইতিবাচক আচরণ সাধারণ মানুষকে অনুপ্রাণিত করে। তাই ডেঙ্গু প্রতিরোধ ও শহরজুড়ে যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে শিক্ষার্থীদেরই জনসচেতনতামূলক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা