দাওরায়ে হাদীসের পরীক্ষা শুরু ২১ জানুয়ারি
সকালবেলা অনলাইন: আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীন ১৪৪৮ হিজরী শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফি আগামী ৮ অক্টোবর থেকে অনলাইনে জমা নেওয়া শুরু হবে। বিলম্ব ফি ছাড়া ১ নভেম্বর পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। পরীক্ষা শুরু হবে আগামী ২১ জানুয়ারি ২০২৭।
আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মু: অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের ফি ১ হাজার ৬০০ টাকা এবং মানোন্নয়নসহ অন্যান্য অনিয়মিত পরীক্ষার্থীদের ফি ১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই হার প্রযোজ্য থাকবে ৮ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬ (২৬ রবিউস সানী থেকে ২০ জুমাদাল উলা ১৪৪৮ হিজরী) পর্যন্ত সাধারণ সময়ে।
নির্ধারিত সময়ের মধ্যে যারা ফি জমা দিতে পারবেন না, তারা ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর ২০২৬ (২১ থেকে ৩০ জুমাদাল উলা ১৪৪৮ হিজরী) পর্যন্ত বিলম্বিত সময়ে ফি জমা দিতে পারবেন। এ সময়ে নিয়মিত পরীক্ষার্থীদের ১ হাজার ৮০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ২ হাজার ১০০ টাকা দিতে হবে।
পরীক্ষা শুরু হবে ২১ জানুয়ারি ২০২৭ বৃহস্পতিবার (১২/১৩ শা‘বান ১৪৪৮ হিজরী) এবং শেষ হবে ১ ফেব্রুয়ারি সোমবার (২৩/২৪ শা‘বান ১৪৪৮ হিজরী)। এর মধ্যে ২২ ও ২৯ জানুয়ারি শুক্রবার পরীক্ষা বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সময়সূচির ক্ষেত্রে ইংরেজি তারিখ চূড়ান্ত বলে বিবেচিত হবে।
আল-হাইআতুল উলয়ার অধীন বোর্ডভুক্ত সব দাওরায়ে হাদীস (তাকমীল) মাদরাসার কর্তৃপক্ষ এবং পরীক্ষার জন্য নিবন্ধিত নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের উদ্দেশে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। পরীক্ষার ফি কেবল আল-হাইআতুল উলয়ার সফটওয়্যারের (hems.alhaiatululya.org) মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে। পেমেন্টের জন্য নগদ অথবা ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং ব্যবহার করা যাবে।
ফি জমার প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদরাসাগুলোকে সফটওয়্যারের ‘পরীক্ষা সংক্রান্ত’ মেনু থেকে ‘অন্তর্ভুক্তি তালিকা’য় প্রবেশ করতে হবে, যেখানে সংশ্লিষ্ট মাদরাসার নিবন্ধিত শিক্ষার্থীদের তালিকা দেখা যাবে। সব পরীক্ষার্থীর ফি একসঙ্গে জমা দিতে ‘সকল পরীক্ষার্থীর পেমেন্ট’ বাটন ব্যবহার করতে হবে। নির্দিষ্ট কয়েকজনের ফি জমা দিতে চাইলে তালিকায় তাদের নামের পাশের ঘরে টিকচিহ্ন দিয়ে ‘প্রয়োগ’ বাটনে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী পৃষ্ঠায় পেমেন্টের বিস্তারিত তথ্য দেখিয়ে পেমেন্টের মাধ্যম বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে।
দাওরায়ে হাদীস (তাকমীল) কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ স্তর। ২০১৮ সালে জাতীয় সংসদে পাস হওয়া আইনের মাধ্যমে আল-হাইআতুল উলয়ার অধীন এই স্তরের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও আরবি) ডিগ্রির সমমান দেওয়া হয়। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত তথ্যের জন্য আল-হাইআতুল উলয়ার ওয়েবসাইট (hems.alhaiatululya.org) অথবা 09611 634 734 নম্বরে যোগাযোগ করা যাবে।
এআইএল/সকালবেলা