বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে ২৩ হাজার টাকা জরিমানা
সাঈদ পান্থ, বরিশাল: বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বিশেষ অভিযান চালিয়ে প্রশাসনিক অনিয়মের অভিযোগে ৯টি প্রতিষ্ঠান থেকে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে নগরীর স্টিমার ঘাট, বাজার রোড (স্বরোড), নবগ্রাম রোড ও চৌমাথা এলাকায় ফল, এলপিজি গ্যাস, ডিমসহ অন্যান্য নিত্যপণ্যের দোকানে এ তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে নানা অনিয়ম ও মূল্যতালিকা প্রদর্শনে ব্যত্যয় ঘটায় ৬টি ফলের দোকান, ১টি রেস্টুরেন্ট, ১টি ফার্মেসি এবং ১টি মুদি দোকানসহ মোট ৯টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।
অভিযান শেষে তারা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা