পলাশে সার কারখানার ভেতর থেকে লাশ উদ্ধার
মো. নুরনবী সানি (পলাশ, নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার ভেতরের সীমানা প্রাচীর সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে শাজাহান তালুকদার (৭৫) নামে এক প্রবীণের নৃশংস ও বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ওই সার কারখানারই অবসরপ্রাপ্ত এক কর্মচারী ছিলেন।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পলাশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাজাহান তালুকদারের মূল বাড়ি বরিশাল জেলায়। তিনি দীর্ঘদিন ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় চাকরি শেষে চার বছর আগে অবসরে যান। অবসরের পর থেকে তিনি পলাশ উপজেলার খানপুর এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। তাঁর দুই সন্তানের একজন তাঁর সঙ্গে খানপুরে থাকেন এবং অন্যজন বরিশালে থাকেন।
উদ্ধারকালে দেখা যায়, লাশটিতে তীব্র পচন ধরেছিল এবং আশপাশে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। মর্মান্তিক বিষয় হলো, নিহতের হাত-পায়ের আঙুল এবং পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। দিনদুপুরে এমন বীভৎস ও নৃশংস ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে কারখানা প্রাঙ্গণসহ পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
লাশ উদ্ধারের পর নিহতের পরিচয় নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।
হত্যাকাণ্ডের বিষয়ে ওসি শাহেদ আল মামুন জানান, নিহত প্রবীণ সার কারখানারই সাবেক কর্মী ছিলেন। তাঁর লাশের বেশ কয়েকটি অঙ্গ হাত-পা থেকে বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে। কীভাবে এবং কী উদ্দেশ্যে এই নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে।
এআইএল/সকালবেলা