সোনারগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ ২৫ ডাকাত গ্রেপ্তার
মো. মুক্তার হোসেন (সোনারগাঁও, নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জাম, সিএনজি অটোরিকশা ও ইয়াবাসহ ২৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল ও অপরাধপ্রবণ ভাসমান আস্তানায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে একাধিক চৌকস টিম এই ব্লক রেইড পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশে পরিচালিত এ বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। আসামিরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের কাছ থেকে একটি ২৩ ইঞ্চির তালা কাটার চেইন কাটার, দুটি রামদা, সেলাই রেঞ্জ, ধারালো ছুরি, প্লাস, লোহার রড এবং তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা (নারায়ণগঞ্জ-থ-১১-৫৬৬৫) উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন—গোহাট্টা গ্রামের মো. পারভেজ (৩৬) ও প্রান্ত (২৮), নাল আলাপদি গ্রামের মো. রোহান (২২) ও নাজমুল (২৮), ছোট সাদিপুর গ্রামের মো. ডালিম (৪৮) এবং কুমিল্লার লাকসাম থানার মো. অন্তর (২৪)।
অভিযানে অন্যান্য অপরাধে আরও ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে ১ জন, মাদক মামলায় ২ জন, পরোয়ানাভুক্ত ৩ জন এবং ১৩ জন মাদকসেবী রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারকৃত ব্যক্তি রাইজদিয়া গ্রামের মো. কামাল হোসেন (৪৭)। মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন আসাদুজ্জামান নূর ওরফে আসাদ (৪২) ও শান্ত আহমেদ রানা (২৪)। এ ছাড়া মাদক সেবনের অভিযোগে রাব্বি, সানি, সুমন, সুজা, সোহাগ, বাবু, কাশেম, আক্তারসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, অপরাধ দমনে তাদের এই ‘জিরো টলারেন্স’ অভিযান ও ব্লক রেইড অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত ২৫ আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনি ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এআইএল/সকালবেলা