হুথিদের বিরুদ্ধে ১০০ বিমান নিয়ে সৌদি জোটের হামলা
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। বাব আল-মান্দেব প্রণালি সংলগ্ন এলাকায় ইয়েমেনি মিত্র বাহিনীর স্থল অভিযান জোরদার করতে এ হামলা চালানো হয় বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।
সৌদি সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, ইয়েমেনে চলমান অভিযানের অংশ হিসেবে এ পর্যন্ত হুথিদের ৩০০টিরও বেশি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আল-মালিকি বলেন, "মাঠপর্যায়ে ইয়েমেনের সরকারি সশস্ত্র বাহিনীকে নিরবচ্ছিন্ন সহায়তা দিতে আমরা দিনরাত আকাশপথে নজরদারি ও হামলা পরিচালনা করে যাচ্ছি। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে অভিযান অব্যাহত রয়েছে।"
মেজর জেনারেল আল-মালিকি আরও উল্লেখ করেন, সোমবার সকালে শুরু হওয়া ‘অপারেশন ডন অব ইয়েমেন’ অভিযানে ১০০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছে। হুথিদের শক্তঘাঁটি লক্ষ্য করে স্থল ও আকাশপথের সমন্বিত এই সামরিক তৎপরতা আরও তীব্র করা হয়েছে বলে তিনি জানান।
এআইএল/সকালবেলা