বাউফলে জমি সংক্রান্ত বিরোধে ২ ভাইকে কুপিয়ে জখম

প্রকাশ: রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ণ
বাউফলে জমি সংক্রান্ত বিরোধে ২ ভাইকে কুপিয়ে জখম

ইব্রাহিম ফরাজি (বিশেষ প্রতিনিধি): পটুয়াখালীর বাউফলে পৈত্রিক জমিতে সার প্রয়োগ করতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে দুই ভাই গুরুতর জখম হয়েছেন।

রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাকডাল গ্রামে এ নির্মম ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—পাকডাল গ্রামের মৃত ইব্রাহিম মৃধার দুই ছেলে সাবু মৃধা (৩০) ও তাঁর ছোট ভাই মুসা মৃধা (২৫)। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতদের স্বজনদের দাবি, সাবু ও মুসার বাবা প্রায় ১৫ বছর আগে মারা যাওয়ার পর থেকে তাঁদের চাচা নাসির মৃধা ভিটেবাড়ি ও জমিজমায় অবৈধ দখল কায়েম করে রেখেছেন। তাঁদের নিজ বাড়িতে থাকতে দেওয়া হয় না এবং সীমানায় পা রাখলেই মারধর ও ভয়ভীতি দেখানো হতো। বাধ্য হয়ে দীর্ঘদিন ধরে তাঁরা পার্শ্ববর্তী মান্দারবণ গ্রামে নানা বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার সকালে দুই ভাই নিজেদের আবাদ করা জমিতে সার দিতে গেলে চাচা নাসির মৃধার নেতৃত্বে তাঁর চাচাতো ভাই শহিদুল, রুহুলসহ কয়েকজন সশস্ত্র অবস্থায় তাঁদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই ভাইকে রক্তাত্ব জখম করা হয়।

হামলার পর আহতদের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। বর্তমানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

ঘটনায় অভিযুক্ত নাসির মৃধা ও তাঁর সহযোগীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে; তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এআইএল/সকালবেলা