রাজনগরে শ্রমিক দল সভাপতির ওপর হামলায় গ্রেপ্তার ৩
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রেনু মিয়ার ওপর সশস্ত্র হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) পুলিশ পৃথক অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
টেংরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) আওয়ামী লীগের দোসরদের অতর্কিত হামলায় গুরুতর আহত হন শ্রমিক দল নেতা রেনু মিয়া।
এ ঘটনাকে ‘ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলা’ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সংগঠনটির স্থানীয় নেতাদের মতে, একজন শ্রমজীবী মানুষের ওপর এই নৃশংস হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়; এটি গণতান্ত্রিক অধিকার ও সাধারণ মানুষের নিরাপত্তার ওপরও চরম আঘাত হানার শামিল।
টেংরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অবিলম্বে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি পুনর্ব্যক্ত করেছেন।
এআইএল/সকালবেলা