শ্যামল-বাবু-রূপাকে সাংবাদিক হিসেবে আসামি করা হয়নি: প্রসিকিউটর

প্রকাশ: রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ণ
শ্যামল-বাবু-রূপাকে সাংবাদিক হিসেবে আসামি করা হয়নি: প্রসিকিউটর

স্টাফ রিপোর্টার: শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাকে সাংবাদিক পেশার কারণে আসামি করা হয়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।

তিনি স্পষ্ট করে বলেন, অতিউৎসাহী হয়ে অপপ্রচার, বাস্তব ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন এবং অপরাধ সংঘটনে প্রত্যক্ষ প্ররোচনা দেওয়ার সুনির্দিষ্ট আইনি অভিযোগে তাঁদের অভিযুক্ত করা হয়েছে। মূলত অপরাধে সম্পৃক্ততার কারণেই তাঁদের আসামি করা হয়েছে, কারও পেশাগত পরিচয় এখানে বিবেচ্য ছিল না।

রোববার (৪ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রসিকিউটর তামীম জানান, ট্রাইব্যুনালে বিচারাধীন আসামিদের প্রত্যেকেরই নিজস্ব পেশাগত পরিচয় থাকতে পারে। কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে পেশা কোনো সুযোগ বা বাধা হতে পারে না। প্রাথমিক তদন্তে যাঁদের বিরুদ্ধেই মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট ও নিরপেক্ষ সত্যতা পাওয়া গেছে, তাঁদেরকেই আইনের আওতায় আনা হয়েছে। এখানে কেউ সাংবাদিক পরিচয়ে অভিযুক্ত হননি।

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের প্রসঙ্গ টেনে বলেন, তাঁকেও বিচারক পরিচয়ে নয়, বরং একজন নাগরিক হিসেবে আইন লঙ্ঘনের সুনির্দিষ্ট অপরাধে অভিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, জুলাই বিপ্লব চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ওই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। উক্ত মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

এআইএল/সকালবেলা