নিখোঁজ আরমানের লাশ মিলল নিজের ঘরে

নিখোঁজ আরমানের লাশ মিলল নিজের ঘরে

সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়ায় ৫ দিন নিখোঁজ থাকার পর দেওয়ান দস্তগীর হাসান ইমাম আরমান (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত আরমান ওই এলাকার মৃত দেওয়ান আব্দুর রসূল সানু মিয়ার ছেলে। জানা গেছে, আরমানের পরিবারের প্রায় সব সদস্য ইতালি ও ঢাকায় বসবাস করেন। ফলে দীর্ঘ দিন ধরে তিনি ওই বাড়িতে একাই বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ দিন ধরে পরিবারের সদস্যদের সাথে আরমানের কোনো যোগাযোগ ছিল না। আত্মীয়-স্বজনরা বারবার ফোনে চেষ্টা করেও তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। বিষয়টি সন্দেহজনক মনে হলে বুধবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হয়। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বিছানায় আরমানের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"

ওসি আরও যোগ করেন, ইতোমধ্যে নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন