অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ণ
অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

মো: ইমরান হোসেন (বাঘাইছড়ি, রাঙামাটি): অনিবার্য কারণবশত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী জনপ্রিয় সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এ নির্দেশ কার্যকর করা হয়েছে বলে রাঙামাটি জেলা প্রশাসনের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত সকল পর্যটককে সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

জেলা প্রশাসনের এ সিদ্ধান্ত কার্যকর করতে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে জরুরি বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে নতুন করে কোনো পর্যটক প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।

এআইএল/সকালবেলা