নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ণ
নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের মধ্যাঞ্চলীয় গোরখা জেলায় বুধি গণ্ডকি নদীতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৫ থেকে ৪০টি বাড়ি ভেসে গেছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে বাড়িঘরের পাশাপাশি একাধিক সেতু ও জলবিদ্যুৎ প্রকল্পের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (১১ অক্টোবর) ভোরে পাহাড়ি ঢল ও নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এবং নেপালের কাঠমান্ডু পোস্ট এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, বন্যায় গোরখার চুমনুব্রি ও ধারচে গ্রামীণ পৌরসভা এলাকায় মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তীরবর্তী বেশ কয়েকটি জনবসতি প্লাবিত হয়েছে এবং হুমকিতে রয়েছে আরও বহু ঘরবাড়ি। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং জানিয়েছেন, বন্যার তীব্র স্রোতে চুমনুব্রি-৩ এলাকার ন্যকচেট ও ফিলিম বাজারের মধ্যে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুটি সম্পূর্ণ ভেসে গেছে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে উদ্ধারকারী হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এর মাধ্যমে আটকে পড়া লোকজনকে উদ্ধার, ত্রাণ বিতরণ এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছে। এছাড়া নেপাল পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

গোরখা জেলার প্রধান কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার মিশ্র জানান, প্রাথমিক তথ্যানুযায়ী সিউরিবাস এলাকার উজান অংশে ভূমিধসের কারণেই এই আকস্মিক বন্যার সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানতে তদন্ত চলছে। নদীর পানি বাড়ার প্রবণতা অব্যাহত থাকায় তীরবর্তী বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং করা হচ্ছে এবং দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

এআইএল/সকালবেলা