দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: গাজী নজরুলের জামিন নামঞ্জুর
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম ইসলামের আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রধান আসামি গাজী নজরুলের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (১১ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলবিরুনী মীর এ জামিন নামঞ্জুরের আদেশ দেন। জামিন শুনানিকালে আসামি গাজী নজরুলকে আদালতে হাজির করা হয়নি, তিনি কারাগারেই ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে আসামিপক্ষের আইনজীবী গাজী নজরুলের বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় জামিনের আবেদন জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করে আদালতকে বলেন, ভিকটিম অত্যন্ত কম বয়সী ছিলেন এবং তাঁকে মারাত্মক মানসিক নির্যাতন করা হয়েছে, যা জামিনের অযোগ্য অপরাধ। উভয়পক্ষের যুক্তি পর্যালোচনা শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকার উল্টো দিকে অবস্থিত ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা এস এম মাসুম বিল্লাহ।
মামলার পরদিন নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। আদালত গাজী নজরুলের দুই দফায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে মামলার অপর আসামি মাকছুদা বেগম জামিন পান এবং তৃতীয় আসামি মরিয়মের মামা ওবায়দুর রহমান গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।
এআইএল/সকালবেলা