নড়াইলে প্রাইভেটকার থেকে মাদকসহ আটক ১
নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার মালচিবাগ মোড় এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫০ বোতল মাদকজাতীয় পানীয় ‘এসকাফ’ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইমরান হোসেন (২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক ইমরান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদুড়গাছি গ্রামের শফিউল্লাহর ছেলে।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের মালচিবাগ মোড় এলাকায় মুন ইট ভাটার সামনে চেকপোস্ট চলাকালে এই মাদকদ্রব্য জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত চেকপোস্ট চলাকালীন সময়ে নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাওয়া সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির পেছনের ডিকিতে প্লাস্টিকের বস্তার ভেতর অভিনয় কায়দায় লুকানো ৫০ বোতল এসকাফ উদ্ধার করা হয় এবং প্রাইভেটকারসহ ইমরান হোসেনকে আটক করা হয়।
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু জানান, চেকপোস্টে তল্লাশি চালিয়ে ফেনসিডিল সদৃশ নিষিদ্ধ এসকাফ জব্দ ও এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এআইএল/সকালবেলা