মেঘনায় নৌ পুলিশের অভিযানে ১ লাখ মিটার জাল জব্দ
মোঃ দুলাল সরকার (গজারিয়া প্রতিনিধি): মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ি ও সোনারগাঁ উপজেলা মৎস্য অধিদপ্তর।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেঘনা নদীর ভাটি বন্দর এলাকায় এ ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ এবং সোনারগাঁ উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার।
অভিযান সূত্রে জানা যায়, ভাটি বন্দর সংলগ্ন মেঘনা নদী থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ লাখ টাকা মূল্যের ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের উপস্থিতিতে উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল নদীর তীরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মৎস্য দপ্তর ও নৌ পুলিশ জানায়, ইলিশের নিরাপদ প্রজনন ক্ষেত্র নিশ্চিতে এবং প্রজনন মৌসুমে অবৈধ মৎস্য শিকার বন্ধে মেঘনা নদীতে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা