পাকিস্তানের ইসলামাবাদে রেড অ্যালার্ট জারি
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সার্বিক রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ায় রাজধানী ইসলামাবাদে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীজুড়ে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ১৪৪ ধারা লঙ্ঘন বা যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে তাৎক্ষণিক গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদন সূত্রে জানা যায়, ইসলামাবাদের গুরুত্বপূর্ণ সমস্ত মোড় ও সংবেদনশীল পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। সব পুলিশ সুপার (এসপি), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসপি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (এসএইচও) সার্বক্ষণিক মাঠপর্যায়ে অবস্থান নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। এছাড়া শহরে যেকোনো ধরনের রাজনৈতিক ব্যানার টাঙানো, মিছিল বা জনসমাগম দেখা মাত্রই কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
পাশাপাশি ইসলামাবাদের প্রধান প্রবেশপথগুলোতে অতিরিক্ত তল্লাশিচৌকি বসানো হয়েছে এবং অনুমোদন ছাড়া স্পর্শকাতর ‘রেড জোন’ এলাকায় সাধারণের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। নিরাপত্তাবলয় জোরদার করার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পুলিশ বাহিনীর পাশাপাশি আধাসামরিক রেঞ্জার্স সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, দেশের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির চরম উত্তপ্ত পরিস্থিতির পর পর রাজধানী ইসলামাবাদেও এই নজিরবিহীন সর্বাত্মক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হলো।
এআইএল/সকালবেলা