দিল্লির ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ণ
দিল্লির ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক: একান্ত প্রয়োজন ছাড়া দিল্লির সব ব্যারিকেড তুলে নেওয়া এবং সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক করার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর মেট্রো স্টেশন বন্ধ ও ট্রেন চলাচলে বিধিনিষেধের বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানিতে আজ রোববার এ নির্দেশ দেওয়া হয়।

বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বিশেষ বেঞ্চ পর্যবেক্ষণ জানিয়ে বলেন, জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে, তবে সাধারণ নাগরিকদের অবাধ চলাচল ব্যাহত করা যাবে না। একই সঙ্গে ইন্টারনেট পরিষেবা বন্ধ না রাখা এবং রেল ও মেট্রো চলাচল দ্রুত স্বাভাবিক করার তাগিদ দিয়েছে আদালত।

বিচারপতি জয়মাল্য বাগচি শুনানিকালে উল্লেখ করেন, "সাধারণ মানুষের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে, তবে সেই প্রতিবাদ অবশ্যই প্রচলিত পুলিশ আইন ও প্রশাসনিক বিধিমালার অধীনেই হতে হবে।"

এদিকে বিক্ষোভকালে আটককৃত ব্যক্তিদের পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি পুলিশ, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এবং দিল্লি মেট্রো রেল করপোরেশনকে (ডিএমআরসি) নোটিশ পাঠিয়েছে সর্বোচ্চ আদালত। আগামী মঙ্গলবারের মধ্যে এ সংক্রান্ত নির্দেশ পালনের বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

এআইএল/সকালবেলা