ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে ডিবি পরিচয় দিয়ে অপহরণ ও ডাকাতি করে পালানোর সময় ৪ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার (২৪ এপ্রিল) আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
গতকাল রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটের স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার ও শিব শংকর কর্মকার দোকান বন্ধ করে কোটালীপাড়ার রতাল গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সিকিরবাজার এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস থেকে ৪ ব্যক্তি ডিবি পরিচয় দিয়ে তাদের তুলে নিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা চারদিকে খবর ছড়িয়ে দেন।
ডাকাত দল গোপালগঞ্জ-পয়সারহাট সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার সময় পয়সারহাটের ব্যবসায়ীরা মাইক্রোবাসটির গতিরোধের চেষ্টা করে। এসময় ডাকাতরা পথ পরিবর্তন করে রামশীল ইউনিয়নের মুশরিয়া গ্রামের দিকে ঢুকে পড়ে। পরে এলাকাবাসী দুই দিক থেকে ঘিরে ফেলে ৪ ডাকাতকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ডাকাতরা হলো—বরিশাল জেলার উজিরপুরের রবিউল ঢালী (২৫), বাকেরগঞ্জের ইলিয়াছ (৩২) ও পারভেজ (৩৩) এবং বরগুনা জেলার বামনা উপজেলার জহির (৩৮)।
শুক্রবার আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী কোটালীপাড়া থানা পুলিশ মুশরিয়া স্লুইজগেটের পাশ থেকে র্যাবের পোশাক, হাতকড়া এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে। কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে এবং আসামিদের জেল হাজতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ