নবীনগরে দোকান নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ

নবীনগরে দোকান নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ

সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরাবাজারে দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে বর্তমান ইউপি চেয়ারম্যান ও তাঁর ভাইয়ের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ঘটা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ জনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গরাবাজারের একটি ভিটিতে দোকান ঘর তোলা নিয়ে জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ এবং তাঁর ভাই মো. আনিসুর রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে এক পক্ষ ওই বিতর্কিত জায়গায় নির্মাণ কাজ শুরু করলে অপর পক্ষ বাধা দেয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারের ভেতরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের পর বাঙ্গরাবাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন করা হয়। কমিটির নেতৃবৃন্দ বলেন, "চেয়ারম্যান ও তাঁর ভাইয়ের ব্যক্তিগত বিরোধের জেরে বাজারের ব্যবসায়িক পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা সাধারণ ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।" তাঁরা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আহত ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আটক ১০ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সাধারণ ব্যবসায়ীরা দোকানপাট খুলতে ভয় পাচ্ছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন