নাটোরে ফসলি জমির মাটি কাটায় জরিমানা

প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ণ
নাটোরে ফসলি জমির মাটি কাটায় জরিমানা

মোল্লা মো. আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে পুকুর খনন ও বাণিজ্যিকভাবে তা বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল শুক্রবার (২২ মে) রাতে উপজেলার বিপ্র-বেলঘড়িয়া ইউনিয়নের মির্জাপুর দিয়ারপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে মো. মিন্টু প্রামানিক (৪২) নামের এক ব্যক্তিকে আর্থিক জরিমানা করার পাশাপাশি মাটি বহনে ব্যবহৃত ৪টি অবৈধ যান জব্দ করা হয়েছে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, নলডাঙ্গার মির্জাপুর দিয়ারপাড়া এলাকার একটি চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে তিন ফসলি আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। তারা কৃষিজমি নষ্ট করে বিশাল পুকুর খনন করছিল এবং সেই মাটি বিভিন্ন ইটভাটা ও আবাসন প্রকল্পে বাণিজ্যিকভাবে বিক্রি করছিল। বিষয়টি স্থানীয় সচেতন নাগরিক ও কৃষি বিভাগের মাধ্যমে উপজেলা প্রশাসনের নজরে আসলে শুক্রবার রাতে সেখানে আকস্মিক হানা দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাটি কাটার সত্যতা হাতেনাতে মেলায় ৪টি ব্যাটারিচালিত ড্রাম ট্রাক টাইপ যান জব্দ করা হয়।

এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান। অভিযান চলাকালে নলডাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ দল উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আলামত জব্দে সহযোগিতা করে।

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সংবাদমাধ্যমকে বলেন, “তিন ফসলি কৃষিজমি আমাদের দেশের খাদ্য নিরাপত্তার জন্য একেকটি মেরুদণ্ড। আবাদি জমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে নেওয়ায় জমির পুষ্টিগুণ সম্পূর্ণ নষ্ট হচ্ছে, যা ভবিষ্যতে কৃষি উৎপাদনে মারাত্মক বিরূপ প্রভাব ফেলবে। কৃষিজমি রক্ষায় সাধারণ কৃষক ও জমির মালিকদের আরও সচেতন হতে হবে।”

সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান বলেন, “প্রশাসনের কোনো অনুমতি বা বৈধ নথিপত্র ছাড়া অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে পরিবেশ ও ফসলি জমির অপূরণীয় ক্ষতি করা হচ্ছে, যা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও আবাদি জমি রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।”

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, “জাতীয় খাদ্য উৎপাদন ব্যাহত করে কোনোভাবেই কৃষিজমি নষ্ট করতে দেওয়া হবে না। অবৈধভাবে মাটি কাটা, বালু উত্তোলন, পুকুর খনন কিংবা কৃষিজমির শ্রেণি পরিবর্তনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই নিয়মিত অভিযান ও আইনি ব্যবস্থা চলমান থাকবে।” স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এ.আই.এল/সকালবেলা