মাদারীপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ: স্বামী পলাতক
নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে সুমি আক্তার (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আকবর হাওলাদারসহ পরিবারের সবাই পলাতক রয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুমি আক্তার মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার চান্দু মোল্লার মেয়ে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমি আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই দম্পতির মধ্যে কলহ শুরু হয়। সম্প্রতি সুমির পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে তার শ্বশুরবাড়ির লোকজন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় সুমির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।
স্বজনদের অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে রোববার রাতে স্বামী আকবরের সঙ্গে সুমির বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমিকে বেধড়ক মারধর ও শ্বাসরোধে হত্যা করে বসতঘরে ফেলে রাখা হয়। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়। ততক্ষণে অভিযুক্ত স্বামীসহ পরিবারের সকলেই ঘর ছেড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গৃহবধূর শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা