মাদরাসা শিক্ষা নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান
উপজেলা প্রতিনিধি, দাউদকান্দি (কুমিল্লা): মাদরাসা শিক্ষা ও প্রতিষ্ঠান নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধের তাগিদ দিয়েছে দাউদকান্দি কওমী মাদরাসা ঐক্য পরিষদ। একই সঙ্গে সাংবাদিকদের প্রতি যেকোনো সংবাদ প্রকাশের পূর্বে সঠিক তথ্য যাচাই করে সত্য ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন পরিবেশনের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এক লিখিত বিবৃতিতে ওলামায়ে কেরামরা জানান, মাদরাসা শিক্ষা দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অংশ। ধর্মীয় শিক্ষার পাশাপাশি এখানে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির মতো আধুনিক বিষয়গুলোও নিয়মিত পড়ানো হচ্ছে, যা নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সমাজসচেতন নাগরিক গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে।
বিবৃতিতে শিক্ষাবিদ ও ওলামায়ে কেরাম বলেন, "কোনো একটি বিচ্ছিন্ন ঘটনার দায় পুরো মাদরাসা শিক্ষা ব্যবস্থার ওপর চাপিয়ে দেওয়া সম্পূর্ণ অন্যায়। কোথাও কোনো অনিয়ম বা অনৈতিকতার অভিযোগ থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শুধু দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।"
দাউদকান্দি কওমী মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মুফতি নাজীর আহমাদ লিখিত বক্তব্যে মাদরাসা শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান। তথ্যভিত্তিক ও গঠনমূলক আলোচনার মাধ্যমে ভুল ধারণা দূর করে পারস্পরিক সহনশীলতার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।
এআইএল/সকালবেলা