দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ণ
দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন

বিশেষ সংবাদদাতা: বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ। বক্তব্য প্রদানের জন্য সশরীরে উপস্থিত না হয়ে তিনি সময়ের আবেদন করে ৩০ দিনের সময় চেয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁর উপস্থিত হওয়ার কথা ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম জানান, সাবেক সেনাপ্রধানের তলবি নোটিশে উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি ৩০ দিনের সময় চেয়ে আবেদন করেছেন। এখন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে কমিশন।

এর আগে দুদকের পরিচালক মো. আবুল হাসনাত স্বাক্ষরিত এক নোটিশে শফিউদ্দিন আহমেদকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। নোটিশে উল্লেখ করা হয়, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বক্তব্য শোনা ও তা রেকর্ড করা আবশ্যক।

দুদক সূত্রে জানা গেছে, এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শুরু হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর। বর্তমানে পরিচালকের নেতৃত্বে একটি অনুসন্ধান দল বিষয়টি খতিয়ে দেখছে। অনুসন্ধান শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা বা মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন