গজারিয়ায় বৃদ্ধকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ণ
গজারিয়ায় বৃদ্ধকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়ায় বাড়ির গোয়ালঘরে ঢুকে খোকন মিয়া (৭৩) নামে এক কৃষককে পিটিয়ে গুরুতর আহত ও বাম পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। একই হামলায় স্বজনদের মারধর এবং স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগও করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আহত খোকন মিয়া গজারিয়া উপজেলার নতুন চরচাষী এলাকার বাসিন্দা।

পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে খোকন মিয়ার সঙ্গে প্রতিবেশীদের তর্ক-বিতর্ক হয়। এর জের ধরে রাত আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে স্থানীয় মজিবুর রহমান, নজরুল, নিজা, বিল্লালসহ ১০-১৫ জনের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের গোয়ালঘরে প্রবেশ করে হামলা চালায়। এ সময় লোহার রডের আঘাতে খোকন মিয়ার মুখমণ্ডলে জখম হয় এবং লাঠির আঘাতে তাঁর বাম পায়ের হাঁটুর নিচের হাড় ভেঙে যায়।

তাঁকে বাঁচাতে এগিয়ে এলে স্ত্রী কোহিনুর বেগম, ভাতিজি কনিকা আক্তার, প্রতিবন্ধী ছেলে রিফাত মিয়া, পুত্রবধূ মুক্তা ও ইলমা আক্তারকে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলার সময় কোহিনুর বেগমের গলা থেকে প্রায় আট ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই এবং পুত্রবধূর শ্লীলতাহানি করা হয় বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

খোকন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী খোকন মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় আহত কৃষকের ছেলে রাকিবুল ইসলাম বাদী হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গজারিয়া থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন