বগুড়ায় ফেসবুকে আ.লীগের মিছিলের ডাক দিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আওয়ামী লীগের মিছিল হবে, সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে’ লিখে স্ট্যাটাস দেওয়ার মাত্র এক দিনের মাথায় বগুড়ার সোনাতলায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সুজাইতপুর (গোবরচাপড়া) বিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মঞ্জুরুল আলম সৌরভ। তিনি সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাবেক প্রভাবশালী নেতা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলুর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সৌরভের বিরুদ্ধে এলাকায় সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পূর্বে একটি নাশকতা মামলা দায়ের করা হয়েছিল। তিনি ওই মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন। সম্প্রতি তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘোষণা দিয়ে একটি উসকানিমূলক পোস্ট দেন। বিষয়টি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসার পর পুলিশ তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়ার সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন জানান, মঞ্জুরুল আলম সৌরভ নিয়মিত একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এলাকায় যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।