স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে: প্রতিমন্ত্রী পুতুল

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ণ
স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে: প্রতিমন্ত্রী পুতুল

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর: স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে অধিক স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি জানিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগ দেওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, "আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। যোগ্য, সৎ, শিক্ষিত ও দক্ষ ব্যক্তিদের নির্বাচনের মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়া স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে।"

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের সরকার হলেও গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে মানুষের সাময়িক কষ্ট হচ্ছে। অতীতের পরনির্ভরশীলতা কাটিয়ে এসব সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে জানিয়ে জনগণের সাময়িক কষ্টের জন্য সরকারের আন্তরিক দুঃখপ্রকাশের বিষয়টিও তুলে ধরেন তিনি।

জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার শরিফুল হক, সিভিল সার্জন ডা. মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা ফেরদৌস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রীফা রাওনাক নীতু, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন