ভাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে সাংবাদিক নিহত

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ণ
ভাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে সাংবাদিক নিহত

আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে কাজী আশরাফ (৪৫) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী মাহমুদুল হাসান অনিক আহত হয়েছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজী আশরাফ নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজনেরা জানান, সকালে তাঁরা দুজন মোটরসাইকেলযোগে নড়াইল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে মনসুরাবাদ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় খুলনাগামী ‘দোলা পরিবহনের’ একটি বাস তাঁদের চাপা দিয়ে চলে যায়।

স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে কাজী আশরাফের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর লাশ মর্গে রাখা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি ও ঘাতক বাসটি শনাক্তের চেষ্টার পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/সকালবেলা