ভর্তির দাবিতে সৈয়দপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
মোঃ মাইনুল হক, নীলফামারী: চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় ৪৮ জন শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে না পেরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলেজের সামনের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে তাঁরা এ কর্মসূচি পালন শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ষষ্ঠ শ্রেণি থেকে তাঁরা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে আসছেন। মাত্র একটি পরীক্ষার ফলাফলের কারণে নিজের চেনা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ বন্ধ হয়ে যাওয়া চরম হতাশাজনক। তাই যোগ্যতার শর্ত শিথিল করে নিজ প্রতিষ্ঠানে ভর্তির দাবি জানান তাঁরা।
এর আগে ওই ৪৮ শিক্ষার্থীর অভিভাবকেরা দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানালেও সমাধান না পেয়ে বাধ্য হয়ে রাজপথে নামেন।
কলেজ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে চলতি বছর ১০০ জন উত্তীর্ণের মধ্যে ৫২ জন জিপিএ-৫ পেয়েছেন। কলেজে ভর্তির নূন্যতম যোগ্যতা জিপিএ-৫ নির্ধারণ করায় বাকি ৪৮ জন শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠানে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কালাম আজাদ বলেন, "প্রতিবছরই ভর্তির চাপ বাড়ছে। তবে ভর্তির ক্ষেত্রে সরকারি নীতিমালার বাইরে গিয়ে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই।"
এআইএল/সকালবেলা