কর্ণফুলীতে বাসের ধাক্কায় দম্পতিসহ নিহত ৫
মোহাম্মদ সোহেল রানা, ব্যুরো চিফ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে লরির পেছনে দ্রুতগামী হাইস মাইক্রোবাসের সজোরে ধাক্কায় কক্সবাজারের ঈদগাঁও এলাকার একই পরিবারের দম্পতিসহ পাঁচজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় দুর্ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানাধীন কলেজ বাজার এলাকায় এ মর্মন্তুদ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন—কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মাইজপাড়া এলাকার ব্যবসায়ী ফিরোজ (৬০), তাঁর স্ত্রী আরফা বেগম (৫৫) এবং মাইক্রোবাসের চালক। হাসপাতালে মারা যাওয়া বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ থেকে ১১ জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ঈদগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রীরা সবাই একে অপরের আত্মীয়-স্বজন। পথিমধ্যে কর্ণফুলীর কলেজ বাজার এলাকায় একটি কন্টেইনার বোঝাই লরি ইউ-টার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা দ্রুতগতির মাইক্রোবাসটি সজোরে সেটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশে ছিটকে পড়ে।
খবর পেয়ে কর্ণফুলী ফায়ার সার্ভিস এবং কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।
কর্ণফুলী থানা পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও ঘাতক কন্টেইনার লরি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এআইএল/সকালবেলা