জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডের আলীনগর ও জঙ্গল সলিমপুর এলাকাকে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী এলাকা বা অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এর আশপাশের বেতুয়া ও চা-বাগান পাহাড় টিলা এলাকায় লুকিয়ে থাকা সন্ত্রাসীদেরও দ্রুত উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (৩১ মে) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রধানরা।
সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সাঁড়াশি ও পরিকল্পিত যৌথ অভিযানের মাধ্যমে আমরা সারা দেশে মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি—এই চারটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে অ্যাড্রেস করেছি। এগুলোকে পুরোপুরি নির্মূল করার লক্ষ্যে আমরা এখন প্রয়োজনীয় আইনি সংস্কারের কাজ করছি।”
আইনি দুর্বলতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “১৮৬৭ সালের প্রাচীন জুয়া আইন দিয়ে বর্তমান যুগের অনলাইন ও অফলাইন জুয়া কিংবা আধুনিক বেটিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শক্তিশালী আইন না থাকায় আমরা এগুলোকে আইনিভাবে মোকাবিলা করতে পারছি না। তাই আগামী সংসদ অধিবেশনেই নতুন জুয়া আইন পাসের জন্য বিল নিয়ে আসার চেষ্টা করব।”
মাদক ও কিশোর গ্যাং নির্মূলে আইনি সংস্কারের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “মাদক নিয়ন্ত্রণ আইনে সংশোধনী এনে আমরা ‘স্পেশাল ট্রাইব্যুনাল’ বা বিশেষ আদালত স্থাপন করব। এর ফলে বছরের পর বছর ঝুলে থাকা হাজার হাজার মাদক মামলার দ্রুত নিষ্পত্তি হবে এবং দেশের যুবসমাজ রক্ষা পাবে।” কিশোর গ্যাংয়ের বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “কিশোর অপরাধীরা আইনের ফাঁকফোকর গলিয়ে পার পেয়ে যাচ্ছে এবং পরবর্তীতে ভয়ঙ্কর সন্ত্রাসীতে পরিণত হচ্ছে। তাই কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধে বয়সের আইনি কাঠামোতেও সংস্কার আনা প্রয়োজন।”
জনগণকে সঙ্গে নিয়ে এবং জনপ্রত্যাশা অনুযায়ী দেশে সম্পূর্ণ আইনের শাসন প্রতিষ্ঠা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।