কলমাকান্দায় ইউএনও মাসুদুর রহমান বহাল, বদলি আদেশ বাতিল

কলমাকান্দায় ইউএনও মাসুদুর রহমান বহাল, বদলি আদেশ বাতিল

কলমাকান্দায় ইউএনও মাসুদুর রহমান বহাল, বদলি আদেশ বাতিল

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে বদলির প্রজ্ঞাপন শেষ পর্যন্ত বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার বিকেলে এই সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মাসুদুর রহমানকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছিল। পরদিন স্থানীয়দের মানববন্ধন ও সমালোচনার প্রেক্ষিতে মন্ত্রণালয় বদলি আদেশ বাতিল করে।

স্থানীয় প্রশাসন ও সূত্রের তথ্য অনুযায়ী, কলমাকান্দার লেংগুড়া বাজার এলাকায় সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের চেষ্টা করা হলে ইউএনও ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আদালতের কার্যক্রমে বাধা দেন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করলে, ইউএনওর বদলি আদেশ জারি হয়। তবে স্থানীয়দের মানববন্ধন, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা এবং বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের চাপের পর জনপ্রশাসন মন্ত্রণালয় মাসুদুর রহমানকে বহাল রাখার সিদ্ধান্ত নেয়।

মাসুদুর রহমান ১৪ ডিসেম্বর কলমাকান্দা উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেছিলেন এবং স্থানীয়রা তাকে দায়িত্বশীল ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন