টেকনাফে গহীন পাহাড় থেকে ৩ যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

টেকনাফে গহীন পাহাড় থেকে ৩ যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

সারাদেশ ডেস্ক: কক্সবাজার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)।

আমিনুল ইসলাম রবির বাবা রুহুল আমিন জানান, এলাকার কিছু লোক বাহারছড়া উত্তর শীলখালীর পূর্ব পাড়া পাহাড়ে কাজ করতে গেলে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা গিয়ে ওই ৩ জনের লাশ শনাক্ত ও উদ্ধার করেন। নিহতদের মধ্যে তার এক ছেলেও রয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

টেকনাফ শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানান, খবর পেয়ে তিনি টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। লাশগুলো উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন