ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোহাম্মদ আলাউদ্দিন, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোটে দেশের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা এবং বিপ্লবী ছাত্র প্রতিনিধিরা রয়েছেন। আগামী নির্বাচনে এই ১০ দলীয় জোটই সরকার গঠন করবে। তিনি প্রতিহিংসার রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে বলেন, নির্বাচিত হলে দলীয় বিবেচনা না করে সবাইকে সমান গুরুত্ব দিয়ে জনসেবা নিশ্চিত করা হবে। বুধবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়া বাজার এলাকার একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিশনার ও মেম্বারদের নিয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। ডা. তাহের বলেন, আগামী নির্বাচন দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই নির্বাচনকে তরুণ প্রজন্মের জন্য একটি সুখী ও সমৃদ্ধিশালী সমাজ উপহার দেওয়ার মাইলফলক হিসেবে গ্রহণ করতে হবে। আগামীর বাংলাদেশকে সব শ্রেণির মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
ভারতের আধিপত্যবাদ নিয়ে মন্তব্য করতে গিয়ে ডা. তাহের আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেশ ভারতীয় দাসত্ব থেকে মুক্তি পেয়েছে। এতদিন ভূখণ্ড স্বাধীন থাকলেও শাসকেরা ভারতের বশ্যতা স্বীকার করে দেশ পরিচালনা করেছিল। এ দেশের যুবকেরা রক্ত দিয়ে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। এখন আমাদের দায়িত্ব একটি নতুন ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলা।
উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহা. শাহজাহান, সাবেক আমীর আবদুস সাত্তার, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন ও পৌর আমীর মাওলানা মু. ইব্রাহিম। এছাড়া সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, রুহুল আমিন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ