বগুড়ায় শাহ সুলতান বলখীর মাজার জিয়ারত করে প্রচারণা শুরু মীর শাহে আলমের

বগুড়ায় শাহ সুলতান বলখীর মাজার জিয়ারত করে প্রচারণা শুরু মীর শাহে আলমের

বগুড়ায় শাহ সুলতান বলখীর মাজার জিয়ারত করে প্রচারণা শুরু মীর শাহে আলমের

ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় প্রচারণার প্রথম দিনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি মহাস্থান মাজারে উপস্থিত হন। সেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এবং শিবগঞ্জবাসীর কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।

মোনাজাত শেষে তিনি মহাস্থান বন্দরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি স্থানীয় জনগণের খোঁজখবর নেন এবং তাঁদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর শাহে আলম বলেন, মহান আল্লাহর ওপর ভরসা রেখেই তিনি জনগণের কাছে যাচ্ছেন। শিবগঞ্জবাসীর ভালোবাসা ও সমর্থনই তাঁর শক্তি বলে উল্লেখ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মনোনয়ন দেওয়ায় তাঁর প্রতি তিনি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, শিবগঞ্জবাসীর অধিকার রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী উপজেলা গঠনের লক্ষ্যে তিনি কাজ করবেন ইনশাআল্লাহ। জনগণের ভোট ও দোয়াই হবে তাঁর মূল পুঁজি।

এ সময় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রচারণার শুরুতেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন