ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
‘এক বক্স নীতি’ ব্যর্থতায় জামায়াতের একচ্ছত্র মনোভাবকে দায়ী করল ইসলামী আন্দোলন
‘এক বক্স নীতি’ বাস্তবায়নে ব্যর্থতার জন্য জামায়াতে ইসলামীর রাজনৈতিক উচ্চাভিলাষ ও একচ্ছত্র আধিপত্যের মানসিকতাকে দায়ী করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার কুমিল্লা প্রেস ক্লাবে দলটির কুমিল্লা জেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নেতারা। এ সময় কুমিল্লার ১১টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের নামও ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দলের সহকারী মহাসচিব ও কুমিল্লা-১ আসনের প্রার্থী আহমাদ আব্দুল কাইয়ুম। সঞ্চালনা করেন কুমিল্লা-১০ আসনের প্রার্থী শামসুদ্দোহা আশরাফী। লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী মহাসচিব ও কুমিল্লা-২ আসনের প্রার্থী প্রকৌশলী আশরাফুল আলম।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৪–পরবর্তী বাংলাদেশে জনগণ পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে একটি নতুন কাঠামো প্রত্যাশা করছে। সেই লক্ষ্য সামনে রেখে ইসলামপন্থি শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করতে ‘এক বক্স নীতি’ গ্রহণ করা হলেও বাস্তবে তা ভেস্তে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ‘এক বক্স নীতি’-তে যুক্ত হওয়ার পর জামায়াতে ইসলামী আসন সমঝোতার ক্ষেত্রে একতরফা আচরণ শুরু করে। নিজেদের দলীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া, অন্য ইসলামপন্থি দলগুলোকে সমমর্যাদার অংশীদার হিসেবে না দেখা এবং শর্ত চাপিয়ে দেওয়ার প্রবণতাই ঐক্যকে বাধাগ্রস্ত করেছে বলে দাবি করা হয়।
এ ছাড়া বৈঠকে সময়ক্ষেপণ, সিদ্ধান্ত গ্রহণে উপেক্ষা, সীমিত ও বিতর্কিত আসন প্রস্তাব, পরিকল্পিত অপপ্রচার, গোপন সমঝোতার অভিযোগ এবং সাম্প্রতিক সময়ে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর কথাও তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে কুমিল্লার বিভিন্ন আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ