ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে বিএনপির জোরালো নির্বাচনী প্রচারণা শুরু
ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণের মাধ্যমে এই প্রচারণার সূচনা করা হয়।
সকালে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারে জেলা ও সদর উপজেলা বিএনপির নেতারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে দলের নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হয়।
প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও তারেক রহমানের নির্বাচনী সমন্বয়ক রেজাউল করিম বাদশা। সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
নেতারা বলেন, “তারেক রহমান দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে নিরলসভাবে কাজ করছেন। বগুড়া-৬ আসনের মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। ভোটের দিন জনগণই তারেক রহমানের পক্ষে রায় দেবেন।”
তারা আরও জানান, নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলা হবে এবং উন্নয়ন, কর্মসংস্থান, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা পৌঁছে দেওয়া হবে।
প্রচারণাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ভবিষ্যতের কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপির পক্ষে তারেক রহমান মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ