ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
আজ শুক্রবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক। বিজিবি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার তিন যুবক—সালেহ আহমেদ জয়ধর (৩০), সুমন মিয়া (২৫) ও মাসুম আহম্মদ (২০) মাদকের চালান সংগ্রহের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। তারা সীমান্তবর্তী চংকেট ও মারকানের বাগান সংলগ্ন এলাকায় অবস্থান নেন।
খাসিয়াদের সুপারি বাগানে অবস্থানকালে তাদের চোর সন্দেহে স্থানীয় ভারতীয় খাসিয়ারা ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার সঙ্গে থাকা অপর দুজন তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন। বিজিবি সূত্রে আরও জানা গেছে, নিহত ব্যক্তিসহ বাকি তিনজনই পূর্বে চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিলেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ