ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফেরানোর আহ্বান আব্দুল বারীর

ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফেরানোর আহ্বান আব্দুল বারীর

মো. রাব্বিউল হাসান রানা, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় উদয়পুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সচিব মো. আব্দুল বারী।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল বারী বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের অবহেলিত ও মেহনতি মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন করা হবে। বিশেষ করে দেশের দরিদ্র পরিবারগুলোর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে, যাতে প্রতিটি পরিবার সম্মানজনক জীবনযাপন করতে পারে। তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, জয়পুরহাটের বহু গ্রামীণ এলাকা এখনও অনুন্নত রয়ে গেছে। বিএনপি সরকার গঠন করলে এসব গ্রামীণ কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণ করা হবে। ‘গ্রাম হবে শহর’—এই স্লোগানকে বাস্তবে রূপ দিয়ে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানোই আমাদের মূল লক্ষ্য।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন ফকির বলেন, বিএনপি জনগণের দল এবং এটি সবসময় জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে। দীর্ঘ সময় ধরে দেশের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনগণ দেশে গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করবে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো জনসভা এলাকা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইউনুস আলী মণ্ডলের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের ঘরে ঘরে যাওয়ার এবং ভোটকেন্দ্র পাহারায় সতর্ক থাকার আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এই জনসভাটি স্থানীয় রাজনীতিতে ধানের শীষের অনুকূলে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন