সৌদিতে পৌঁছেছেন ৫১,১৯৪ বাংলাদেশি হজযাত্রী

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ
সৌদিতে পৌঁছেছেন ৫১,১৯৪ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৫১ হাজার ১৯৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রবিবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৩১টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।

হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬১টি ফ্লাইটে ২৪ হাজার ২৯৩ জন, সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৮৯ জন সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৭ হাজার ১২৩ জন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন রয়েছেন। এই বিশাল কার্যক্রম পরিচালনা করছে ৬৬০টি নিবন্ধিত এজেন্সি।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান এ বছরের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুনের মধ্যে সকল হজযাত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

জান্নাত/সকালবেলা