মির্জা ফখরুল কি রাষ্ট্রপতি হচ্ছেন? বিএনপির পরবর্তী মহাসচিব কে?

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ণ
মির্জা ফখরুল কি রাষ্ট্রপতি হচ্ছেন? বিএনপির পরবর্তী মহাসচিব কে?
বিএনপির শীর্ষ নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তনের আবহে চর্চায় উঠে আসছে একাধিক জ্যেষ্ঠ নেতার নাম।

বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে মাসজুড়ে নানা আলোচনা-পর্যালোচনা চলে আসছিল। গত ১৩ আগস্ট দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণার পর সেই কৌতুহলের অবসান হলেও নতুন আলোচনার জন্ম দিয়েছে বিএনপি মহাসচিবের শূন্য হতে যাওয়া পদটি।

জাতীয় সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। আর এতে করেই গত ১৬ বছর ধরে এই পদে থাকা মির্জা ফখরুলের পর বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, তা নিয়ে দলটির ভেতরে-বাইরে শুরু হয়েছে জোর গুঞ্জন।

ভারপ্রাপ্ত মহাসচিবের দৌড়ে রিজভী:

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, একমাত্র জাতীয় কাউন্সিলের মাধ্যমে স্থায়ী মহাসচিব নির্বাচিত করা যায়। তবে অন্তর্বর্তীকালীন সময়ে কিংবা কাউন্সিল না হওয়া পর্যন্ত কাউকেও ভারপ্রাপ্ত মহাসচিব পদে নিয়োগের বিধান রয়েছে।

দলটির নীতি-নির্ধারণী সূত্র ও নেতাদের মতে, ফখরুল পদত্যাগ করার পর প্রাথমিকভাবে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দায়িত্ব পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান স্পষ্ট করেছেন, "গঠনতন্ত্র অনুযায়ী জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীই দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন।"

স্বয়ং রুহুল কবির রিজভী বলেন, "আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। পার্টি যা সিদ্ধান্ত নেবে, সেটার জন্যই অপেক্ষা করছি।"

অন্যান্য সম্ভাব্য নাম ও আগামী দিনের পথচিত্র:

ভারপ্রাপ্ত হিসেবে রিজভীর নাম প্রায় নিশ্চিত বলা হলেও, পূর্ণাঙ্গ মহাসচিব কে হবেন তা নিয়ে এখনও জল্পনা চলছে। রিজভীর পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং দুই যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ও হাবিব উন নবী খান সোহেলের নামও গণমাধ্যমের সূত্রে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, ২০১১ সালে তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রথমে ভারপ্রাপ্ত করা হয়েছিল। পরবর্তীতে ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে তিনি পূর্ণাঙ্গ মহাসচিব হিসেবে মনোনীত হন। এবারও সেই ধারাই বজায় রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে দলীয় নেতারা স্পষ্ট করেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই মুখ্য হবে। উল্লেখ্য, মির্জা ফখরুল এখনো আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে জয়ী হয়ে শপথ গ্রহণ করেননি। শপথের পরেই পদটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করবে দলটি।

মন্তব্য করুন