প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বর্তমান অবস্থা পর্যালোচনা করেন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিম্নআয়ের মানুষের কাছে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার প্রক্রিয়াটি আরও স্বচ্ছ করার নির্দেশনা প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, কার্ডধারী পরিবারগুলো যেন কোনো প্রকার ভোগান্তি ছাড়াই তাদের প্রাপ্য সুবিধা পায় এবং এই প্রক্রিয়ায় যেন কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি না ঘটে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।

সভায় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সরকারের উচ্চপদস্থ সচিবগণ এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। বৈঠকে ফ্যামিলি কার্ডের তথ্যভাণ্ডার ডিজিটাল করার অগ্রগতি নিয়েও আলোচনা হয়, যাতে প্রকৃত দুস্থ পরিবারগুলো সহজেই এই সেবার আওতায় আসতে পারে।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করাই এই সরকারের অন্যতম অগ্রাধিকার। ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা কার্যক্রমকে স্মার্ট ও প্রযুক্তিনির্ভর করার মাধ্যমে জনদুর্ভোগ কমিয়ে আনার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন