পারস্পরিক আস্থার পরই প্রধানমন্ত্রীর ভারত সফর: হুমায়ুন কবির

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
পারস্পরিক আস্থার পরই প্রধানমন্ত্রীর ভারত সফর: হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক: তাড়াহুড়ো করে নয়; বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস, একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং সম্মানজনক আমন্ত্রণের মাধ্যমে উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হতে পারে বলে স্পষ্টভাবে জানিয়েছেন তাঁর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আন্তর্জাতিক গণমাধ্যম ও ভারতীয় সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে যে গুঞ্জন চলছে, তাকে ভিত্তিহীন ও অনুমান নির্ভর বলে অভিহিত করেছেন উপদেষ্টা। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ যেকোনো সিদ্ধান্ত নেবে এবং কোনো ধরনের তাড়াহুড়ো না করার নীতি গ্রহণ করেছে। তবে শর্তসাপেক্ষে দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে অনুকূল পরিবেশ তৈরি হলে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার ক্ষেত্রে ঢাকার ইতিবাচক মনোভাব রয়েছে।

সম্প্রতি ঢাকায় নিজ বাসভবনে একটি গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা জানান। সাক্ষাৎকারে তিনি প্রতিবেশীদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আন্তর্জাতিক রাজনীতি, কৌশলগত ভারসাম্য এবং নতুন শ্রমবাজার গড়ে তোলার নানা দিক নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

ভারতে বসে অপরাধীদের রাজনৈতিক বক্তব্য প্রদান প্রসঙ্গে গভীর অসন্তোষ প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "বাংলাদেশে ব্যাপক গণঅভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধে যুক্ত ব্যক্তিরা পালিয়ে ভারতে অবস্থান করছেন। সেখান থেকে তাদের রাজনৈতিক কর্মসূচি কিংবা গণমাধ্যমে কথা বলার সুযোগ করে দেওয়া কোনোভাবেই গণতান্ত্রিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।"

তিনি আরও জানান, ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা দেশের সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছে। ঢাকা ইতিমধ্যেই নয়াদিল্লির কাছে এর আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ পাঠিয়েছে এবং এ বিষয়ে কূটনৈতিক চাপ অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক অঙ্গনে কৌশলগত সম্পর্কের প্রসঙ্গে তিনি তুলে ধরেন যে, বর্তমান সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় বিশ্বরাজনীতিতে ভারসাম্য বজায় রেখে চলেছে। এই ধারাবাহিকতায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সাথে অর্থনৈতিক ও প্রতিরক্ষা কাঠামোর অধীনে যোগ দেওয়ার বিষয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি এবং চীনের সঙ্গে দ্বিপক্ষীয় প্রত্যক্ষ বিনিয়োগের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া, দীর্ঘদিনের জটিলতা পেরিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা শ্রমবাজারও খুব দ্রুত খুলে যাওয়ার সুখবর দেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের নির্বাচনে বিপুল সমর্থনে বাংলাদেশের সভাপতি নির্বাচিত হওয়া বিশ্বমঞ্চে দেশের গ্রহণযোগ্যতা ও সার্বভৌম মর্যাদারই বড় প্রতিফলন বলে মনে করেন তিনি।