সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ হজযাত্রী

প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ণ
সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৪ হাজার ৯৫৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ১১৩টি হজ ফ্লাইটের মাধ্যমে তাঁরা সৌদি পৌঁছান। আজ সোমবার (৪ মে ২০২৬) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪০ হাজার ৮৮৪ জন। বিমান সংস্থাগুলোর তথ্য নিচে দেওয়া হলো:

  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ৫২টি ফ্লাইটে ২১ হাজার ৩০১ জন।

  • সৌদি এয়ারলাইন্স: ৪১টি ফ্লাইটে ১৫ হাজার ৪২৫ জন।

  • ফ্লাইনাস: ২০টি ফ্লাইটে ৮ হাজার ২২৯ জন।

হজে গিয়ে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন। মোট হজযাত্রীদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করছেন। ৬৬০টি এজেন্সি এই কার্যক্রম পরিচালনা করছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুনের মধ্যে সব ফ্লাইট সম্পন্ন হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জান্নাত/সকালবেলা