রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অপসারণ চেয়ে আইনি নোটিশ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অপসারণ চেয়ে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জুলাই বিপ্লবকে অসম্মান করার অভিযোগে এবং শপথ ভঙ্গের দায়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার সংসদ সচিবালয় এবং আইন সচিবের কাছে এই নোটিশটি প্রেরণ করেন।

আইনি নোটিশে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জুলাই আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তা ওই আন্দোলনের শহীদ ও সংগ্রামীদের আত্মত্যাগকে অসম্মান করেছে। এই বক্তব্য তাঁর সাংবিধানিক দায়িত্ব ও গ্রহণকৃত শপথের সরাসরি পরিপন্থী। নোটিশে আরও দাবি করা হয়, বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উদ্বোধন করবেন।

নোটিশ প্রদানকারী আইনজীবী জানান, এই নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময়ে আলোচনা চললেও এই প্রথম আইনি প্রক্রিয়ায় তাঁকে অপসারণের দাবি জানিয়ে নোটিশ পাঠানো হলো।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন