আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ জাকারিয়ার বিশ্বজয়
সকালবেলা অনলাইন: সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতা’য় বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের কয়েক শ প্রতিযোগী অতিক্রম করে তিনি চতুর্থ শাখায় প্রথম স্থান অধিকার করেছেন।
রাজধানী ঢাকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী হাফেজ নুরুদ্দিন জাকারিয়া প্রতিযোগিতার চতুর্থ বিভাগে অংশ নেন। এই শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা পবিত্র কোরআন মুখস্থ রাখার পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের পরিপূরক পারদর্শিতা পরীক্ষা করা হয়। কঠিন কয়েকটি পর্ব সাফল্যের সঙ্গে অতিক্রম করে শেষ পর্যন্ত তিনি শীর্ষস্থান অর্জন করেন।
সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় মোট পাঁচটি বিভাগে আয়োজিত এবারের আসরে ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। আন্তর্জাতিক ও সৌদি বিচারকমণ্ডলীর নিবিড় পর্যবেক্ষণে কোরআন হিফজ, নিখুঁত তিলাওয়াত ও তাজবিদসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের নৈপুণ্য মূল্যায়িত হয়।
আন্তর্জাতিক এই আসরের বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে, যেখানে যৌথভাবে পুরস্কারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।
প্রতিযোগিতা চলাকালে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া আবেগপ্লুত হয়ে বলেন, মহান আল্লাহর কালাম পবিত্র কোরআনের বরকতেই তিনি প্রত্যন্ত এক গ্রাম থেকে পবিত্র মক্কা নগরীতে আসার সুযোগ পেয়েছেন। বিশ্বের অন্যতম পবিত্র স্থান মসজিদুল হারামে এসে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করতে পারা তাঁর জীবনের শ্রেষ্ঠ সম্মাননা ও স্মরণীয় প্রাপ্তি।
বিশ্ব দরবারে গৌরবময় এই প্রথম স্থান অর্জনের মাধ্যমে মক্কার মাটিতে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন হাফেজ জাকারিয়া। তাঁর এই গৌরবময় সাফল্য দেশের কোরআন চর্চা ও মাদরাসা শিক্ষাব্যবস্থায় নতুন প্রেরণার সঞ্চার করেছে।
এআইএল/সকালবেলা
|