খেলার মাঠে মেলা বসতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী
দেশের কোনো খেলার মাঠে বা স্টেডিয়ামে এখন থেকে আর মেলার আয়োজন করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (৬ মে ২০২৬) ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি এই নির্দেশনার কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, সরকার সারা দেশের জেলা পর্যায়ের স্টেডিয়াম এবং সুইমিং কমপ্লেক্সগুলো সংস্কার করে দ্রুত সচল করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, “সংস্কারের পর কোনো অবস্থাতেই এসব স্টেডিয়াম বা মাঠে মেলা বসানোর জন্য বরাদ্দ দেওয়া হবে না। মাঠগুলো শুধুমাত্র খেলোয়াড়দের অনুশীলনের জন্য উন্মুক্ত থাকবে।”
তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রতিমন্ত্রী উল্লেখ করেন:
সারা দেশের ক্রীড়া স্থাপনাগুলো সচল হলে প্রান্তিক পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে দেশের ৬৪ জেলায় একযোগে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কার্যক্রম চালু হয়েছে। এর মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন বিপ্লব আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ক্রীড়ার পাশাপাশি যুবকদের সাবলম্বী করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নানা পদক্ষেপ নিয়েছে। প্রতিমন্ত্রী জানান, বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং এবং বিভিন্ন কারিগরি খাতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। চলমান প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে ডিসিদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকার বিশ্বাস করে, মাঠের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে এবং যুবকদের দক্ষ করে গড়ে তোলা গেলে দেশ ক্রীড়া ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রে এগিয়ে যাবে।
জান্নাত/সকালবেলা